মেহেরপুর নিউজঃ
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘মহান বিজয় দিবস-২০২৩’ উদযাপন করা হয়েছে।
‘মহান বিজয় দিবস-২০২৩’ উপলক্ষ্যে পালিত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা ও ইউনিট পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত শহীদ স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পন করেন। এছাড়াও মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী সকল স্তরের সদস্যদেরকে পাঠ করে শোনানো, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্য চিত্র “বাংলার মাটি বাংলার জল ও স্বাধীনতা আমার স্বাধীনতা” প্রদর্শন, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে আনসার ও ভিডিপির কন্টিনজেন্টের অংশগ্রহণ, বাদ যোহর মুক্তিযুদ্ধের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যসহ মুক্তিযুদ্ধে বীর শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আনসার ভিডিপি জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং কার্যালয়ের সকল সদস্যদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।
এছাড়াও বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে জেলা কমান্ড্যান্টের কার্যালয়, মেহেরপুর কর্তৃক দৃশ্যমান স্থানে ব্যানার স্থাপন, অফিস ভবন ও ফটকে জাঁকজমকপূর্ণভাবে আলোকসজ্জার ব্যবস্থা করা হয় ।