মেহেরপুর নিউজ:
জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে “ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যু ঝুঁকি কমান” এই প্রতিপাদ্য সামনে রেখে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আন্জুমান আরার সভাপতিত্বে এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজাবাহ উদ্দীন,সদর উপজেলা শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামনুর রহমান।এডভোকেসি সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার।
সভায় জানানো হয় আগামী ১৫ মার্চ সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। নিকটস্থ টিকাদান কেন্দ্রসহ বিভিন্ন স্থান থেকে ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ করা যাবে।