মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের একটি বাড়ি থেকে লাল কসটেপে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু ও হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে কসবা গ্রামের মোল্লাপাড়ায় রজব আলীর ছেলে আক্কাছ আলী মাস্টারের বাড়ির সিঁড়িঘর থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করা হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গৃহকর্তা আক্কাছ আলী জানান, তাদের বাড়ির জমির ওপর দিয়ে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এর আগে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে জমি পরিমাপ করা হয়। বুধবার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল। এরই জেরে প্রতিপক্ষরা ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বোমা সদৃশ বস্তু ও হুমকির চিরকুট রেখে গেছে বলে তিনি ধারণা করছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। কে বা কারা এগুলো রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।