মেহেরপুর নিউজ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী (নজরুল বর্ষ) উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নৌরীন ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, সাকের আহমেদ, ফারুকুল ইসলাম, মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্প-সাহিত্য অনুরাগীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নজরুলের সাহিত্য, সংগীত ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।