মেহেরপুর নিউজঃ
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, প্রশিক্ষণ দেওয়ার পর সেগুলোর নিয়মিত ফলোআপ নিশ্চিত করতে হবে এবং প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, কোন প্রযুক্তি ব্যবহার করলে সারের ব্যবহার কমবে এবং ফসলের উৎপাদন ভালো হবে, সে বিষয়ে কৃষকদের বাস্তবভিত্তিক ধারণা দিতে হবে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ শুধু হাতে-কলমে শেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারীদের কর্মসংস্থানে এগিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না করে দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব নয়।
সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল আলিম।
এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির নেতা আনসারুল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, উপজেলা বিএনপির সম্পাদক সাইদুল ইসলাম, সামসুল হক এবং সি এম সি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মায়মোনা আখতার সাদিয়া।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, হাসান তারিকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।