মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ধারালো বটির ওপর পড়ে নুসরাত জাহান মৌ (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মহাজনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত জাহান মৌ মহাজনপুর গ্রামের জহুরুল ইসলাম স্বপনের মেয়ে। সে মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নুসরাতের ভাই ইমন তাকে পানি আনতে বলে। পানি নিয়ে রান্নাঘরে প্রবেশ করার সময় হঠাৎ পা পিছলে রান্নাঘরে রাখা ধারালো বটির ওপর পড়ে যায় সে। এতে বটির ধারালো অংশ তার বুকে বিদ্ধ হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন।
বিকেলে নুসরাতের মরদেহ মহাজনপুর গ্রামে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদ এশা তার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।