মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে আমদহ ইউনিয়ন দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে।
শুক্রবার বিকেলে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আমদহ ইউনিয়ন ১-০ গোলে আমঝুপি ইউনিয়নকে পরাজিত করে।
খেলার দ্বিতীয়ার্ধের ২১তম মিনিটে জুয়েলের বাড়ানো বল থেকে শিমুল দারুণ এক গোল করে আমদহ ইউনিয়নকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে ফাইনালে খেলার টিকিট নিশ্চিত করে আমদহ ইউনিয়ন।
পুরো ম্যাচজুড়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও নির্ধারিত সময়ে শিমুলের একমাত্র গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। এখন শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে মাঠে নামবে আমদহ ইউনিয়ন।