মেহেরপুর নিউজ:
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারের সন্দেহে ৬ নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাদের আটক করে হাসপাতালের কর্মরত আনসার সদস্যরা। পরে তাদের মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— জামালপুরের মকবুল হোসেনের মেয়ে মনোয়ারা (২৮), শোভনের স্ত্রী আফরোজা (৪০), জমিদারের স্ত্রী তহিমা (৩০), নুর ইসলামের মেয়ে মনিকা (২২), মুজিবুর রহমানের মেয়ে শিমা (১৮) এবং লোকমান হোসেনের মেয়ে রুমি।
জানা গেছে, সকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অভিযোগ ওঠে, আটক নারীরা কৌশলে রোগীদের টাকা চুরি করার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন তাদের আটক করেন। পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাইকে ধরে হাসপাতালের আনসার সদস্যদের কাছে তুলে দেওয়া হয়।
পরে আনসার সদস্যরা তাদের মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।