মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ডেঙ্গু ও সর্প দংশন সংক্রান্ত একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মুজিবনগর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমানুল্লাহ আমানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সর্প দংশনের ক্ষেত্রে প্রাথমিক করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের নিজ নিজ এলাকায় জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।