মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মোনাখালী ইউনিয়ন।
বৃহস্পতিবার দারিয়াপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে দারিয়াপুর ইউনিয়নকে পরাজিত করে শিরোপা জিতে নেয় মোনাখালী। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।
খেলার প্রথমার্ধের ৯ মিনিটে ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন গোলে মোনাখালীকে এগিয়ে দেন কিরণ। মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে ওঠার সময় দারিয়াপুরের ডি-বক্সের বাইরে ফাউলের শিকার হলে রেফারি জাফর ইকবাল ফ্রি-কিকের নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে কিরণ সরাসরি জালে বল জড়ান।
প্রথমার্ধের যোগ করা সময়ে জটলার মধ্যে থেকে দারিয়াপুরের জুয়েল গোল করে ১-১ সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে উভয় দলই একাধিক সুযোগ পেলেও গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে মোনাখালীর পক্ষে কিরণ, জুয়েল, হৃদয়, শোভন ও বাবু সফলভাবে গোল করেন। দারিয়াপুরের হয়ে বাপ্পি, জুয়েল, দর্পণ ও শামিম গোল করলেও সানজিদের শট মোনাখালীর গোলরক্ষক লাকি দারুণ দক্ষতায় রুখে দেন। ফলে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে মোনাখালী ইউনিয়ন।
খেলা শেষে বিজয়ী দলের গোলরক্ষক লাকি ম্যান অব দ্য ম্যাচ, দারিয়াপুরের গোলরক্ষক শোয়েব আখতার সেরা গোলরক্ষক এবং মোনাখালীর রাকিব ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।
এর আগে জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন। তিনি উভয় দলের খেলোয়াড়দের রজনীগন্ধার স্টিক দিয়ে শুভেচ্ছা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকের আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান রিপন, বিএনপি নেতা আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।