মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার চুরি, ছিনতাই, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সদস্যদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জেলার সকল শ্রেণি-পেশার মানুষের জন্য মানসম্মত পুলিশিং সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও অগ্রগতির বিষয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।