মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের দলটিতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর জেলা জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ও মেহেরপুর জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ।
জেলা কমিটির রাজনৈতিক সচিব মাহবুব-ই-তৌহিদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবি পার্টির আহ্বায়ক মো. রফিকুজ্জামান, সদস্য সচিব মো. নুরুজ্জামান তাজুল এবং মো. আব্দুল্লাহ আল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও কর্মসূচি তুলে ধরেন এবং নতুন যোগদানকারীদের স্বাগত জানান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিক এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।