মেহেরপুর নিউজ:
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুর্নীতি, রোগীদের দুর্ভোগ, অব্যবস্থাপনা এবং দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন করেছে মেহেরপুরের সচেতন নাগরিক সমাজ।
বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা হাসপাতালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, সেবার মানের অবনতি এবং রোগীদের ভোগান্তির বিষয় তুলে ধরেন। তারা দ্রুত এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আব্দুল আলিম, মো. হিমু ও ইব্রাহিম হোসেনসহ অন্যান্যরা।
কর্মসূচি শেষে সচেতন নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি উপস্থিত না থাকায় দায়িত্বরত চিকিৎসক ডা. ফজলুর রহমানের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।