মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের ছাত্রী আফসানা কিবরিয়া মিম। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সাঈদুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ রাশিদুজ্জামান, সিনিয়র শিক্ষক শামসুল হক, আব্দুল মজিদ, শিক্ষার্থী সিয়াম বিশ্বাস, কনিকা কর্ণফুলী ইয়াসমিন, মাহমুদা আক্তার, ইসরাত জাহান ও মরিয়ম খাতুনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষার্থী এবং বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সুসজ্জিত একটি গাড়িতে করে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হাবিবুর রহমানকে তাঁর বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।