মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলা একাদশ জেলা পর্যায়ের ফাইনালে উঠেছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে মেহেরপুর সদর উপজেলা একাদশ ৪-১ গোলে মুজিবনগর উপজেলা একাদশকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
খেলার প্রথমার্ধে কিরণের গোলে এগিয়ে যায় সদর উপজেলা। দ্বিতীয়ার্ধে হিমেল দুটি ও মেরাজ একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। মুজিবনগর উপজেলার পক্ষে সাকিব একটি গোল শোধ দেন।
দুর্দান্ত নৈপুণ্যের জন্য বিজয়ী দলের হিমেল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে জেলা প্রশাসক শিল্পী রানী রায় তার হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, এস্তামুল হক ও ভুবন চন্দ্র হালদার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন, সদস্য আব্দুস সালাম এবং প্রাক্তন ফুটবলার ইমদাদুল হক, মাসুদ করিম ধলস ও আবু ইউসুফ মিরনসহ ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।