মেহেরপুর নিউজ:
মেহেরপুরে চাঁদাবাজির অভিযোগে উজ্জ্বল হোসেন রাফি (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার বিকেলে মেহেরপুর শহরের লালটুর মোড় এলাকার রাখি ইলেকট্রনিক্স শোরুমে এ ঘটনা ঘটে।
আটক উজ্জ্বল হোসেন রাফি মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাফি রাখি ইলেকট্রনিক্সে প্রবেশ করে দোকানের কর্মচারী সানোয়ারের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি একটি দেশীয় ধারালো অস্ত্র (কাটার) প্রদর্শন করে ভয়ভীতি দেখান বলে অভিযোগ রয়েছে। এ সময় দোকানের কর্মচারীরা কৌশলে পুলিশ ও স্থানীয় লোকজনকে খবর দিলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয় সূত্র আরও জানায়, উজ্জ্বল হোসেন রাফি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় বিভিন্ন ল্যাব ও ক্লিনিকের দালালি করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, অতীতে তিনি চুরির সন্দেহে কয়েকবার আটক হয়েছিলেন বলেও দাবি করা হয়েছে। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে এবং সেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।