মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার উজলপুরে ভৈরব নদের ওপর নির্মাণাধীন সেতু চালু হওয়ার আগেই এর পশ্চিম পাশের সংযোগ সড়ক ভেঙে নদের গর্ভে বিলীন হতে শুরু করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। পাশাপাশি সেতুটিও হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন অনেকে।
জানা গেছে, জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও সদর উপজেলার উজলপুর গ্রামের বাসিন্দা ইমরুল কায়েসের প্রচেষ্টায় তাঁর বাড়ির পেছনে ভৈরব নদের ওপর প্রায় ৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ২০২২ সালের দিকে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। সেতু নির্মাণের নির্ধারিত সময়সীমা অনেক আগেই শেষ হয়েছে। তবে নির্মাণকাজ পুরোপুরি শেষ না হলেও স্থানীয় মানুষ ও যানবাহন চলাচল শুরু করে।
স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের আগেই এর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়। সড়ক নির্মাণকাজে অনিয়মের কারণে চলতি বর্ষা মৌসুমে সেতুর পশ্চিম পাশে একাধিক স্থানে রাস্তার বড় অংশ ভেঙে ভৈরব নদের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বলে তারা দাবি করেছেন।
রাস্তা ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। পাটসহ বিভিন্ন কৃষিপণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে তাদের ফতেপুর গ্রামের পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও পরিবহন খরচ দুটোই বেড়েছে।
এলাকাবাসী জানান, সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান কুষ্টিয়ার রতনের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ করা যাচ্ছে না। বর্ষা মৌসুমের মাঝামাঝি সময়ে সংযোগ সড়কের এভাবে ধসে পড়ায় মূল সেতুটিও ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয়দের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করা এবং নির্মাণকাজে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।