মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে পেয়ারা পাড়তে গিয়ে প্রাচীরের সানসেট ভেঙে চাপা পড়ে সোহাগ হোসেন (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে তার মৃত্যু হয়। নিহত সোহাগ কোলা গ্রামের আব্দুস সালামের ছেলে এবং কোলা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে সোহাগ বাড়ির পাশে আলমগীর হোসেনের গাছে পেয়ারা পাড়ার জন্য প্রাচীরের গেটের সানসেট ধরে গাছে ওঠার চেষ্টা করে। এ সময় সানসেটটি ভেঙে পড়লে সে এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী রেফার করেন। রাজশাহী নেওয়ার পথে গাংনীতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাদ এশা জানাজা শেষে সোহাগকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।