মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল মৌজায় কৃষিজমিতে বিজিবি ক্যাম্প নির্মাণের প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও জমির মালিকরা।
রবিবার সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের চাঁদবিল মৌজায় মেহেরপুর ও আমঝুপির মাঝামাঝি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন কৃষক মাজেদ আলী, শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, মহাদেব পাত্রসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, চাঁদবিল মৌজার অধিকাংশ জমি তিন ফসলি আবাদি জমি। এসব জমি অধিগ্রহণ করা হলে স্থানীয় কৃষকরা তাদের জীবিকা হারাবেন। তারা বলেন, কৃষিজমি অধিগ্রহণের কারণে এলাকার মানুষের শেষ সম্বলটুকুও চলে যাবে। জমি অধিগ্রহণ করা হলে অনেক কৃষক জীবিকা সংকটে পড়বেন।