মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের কোর্ট সড়ক ও বামনপাড়ায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে কোর্ট সড়কের দুখু স্টোর ও বামনপাড়ার রিমন স্টোরে অভিযান চালানো হয়।
অভিযানকালে জাপান টোব্যাকো কোম্পানির সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী রাখার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত) ২০২৫-এর ৫ ধারায় দুখু স্টোরের মালিক শাহাদাত হোসেন এবং রিমন স্টোরের মালিক রিমনের কাছ থেকে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।