মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেছেন, গ্রাম আদালত সক্রিয়ভাবে পরিচালিত হলে সাধারণ মানুষের মধ্যে এ আদালতের প্রতি গভীর বিশ্বাস ও আস্থা ফিরে আসবে।
তিনি বলেন, গ্রাম আদালত পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষ করে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। বিভিন্ন রেজিস্টার ও নির্ধারিত ফরম সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি যারা গ্রাম আদালতের কার্যক্রম পরিবেশন ও পরিদর্শনের সঙ্গে যুক্ত, তাদেরও কার্যক্রমটি আরও সক্রিয় করতে ভূমিকা রাখতে হবে।
বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে গ্রাম আদালত সক্রিয়করণ-৩ পর্যায় প্রকল্পের আওতায় জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় সভার আয়োজন করে মেহেরপুর জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার রূপায়ণ দেব, গাংনী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মাসুদ, পিএফএ সাহাজুল ইসলামসহ উপজেলা সমন্বয়কারীরা।
সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন জেলা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান।