মেহেরপুর নিউজঃ
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানার উদ্যোগে ও আমদহ ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ আমদহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জয়লাভ করেছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ৬ নম্বর ওয়ার্ড ৩১-২১ পয়েন্টে ৭ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। খেলায় ৬ নম্বর ওয়ার্ড দুটি লোনা অর্জন করে।
খেলার প্রথমার্ধে ৬ নম্বর ওয়ার্ড ৮-১৬ পয়েন্টে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে।
খেলা উপভোগ করেন আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী টোকন, সাহেবপুর পুলিশ ক্যাম্পের এসআই আনিসুর রহমান এবং ইউপি সদস্য রেজাউলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।