মেহেরপুর নিউজ:
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেছেন, জীবনে সাফল্য পেতে হলে শুধু পড়ালেখা করলেই হবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে। শিক্ষার্থীদের মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতে এমন কিছু করার আহ্বান জানান, যাতে পরিবার ও দেশ তাদের মনে রাখে।
রোববার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মাদকাসক্তি, অনলাইন জুয়া, আত্মহত্যা ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিতদের সঙ্গে বন্ধুত্বের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ছাত্রজীবনে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানীর সভাপতিত্বে মেহেরপুর জেলা পুলিশ ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হুনায়ন কবীর সুমন ও তাসনিম নূরানী মাহির সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ সোয়াহার মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, আবু সাঈদ শুভ, ইলমা বিনতে আরিফ ও রজনী আক্তার।