মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এবং সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বাস্তবায়নে মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।
সোমবার বিকেলে মেহেরপুর সরকারি কলেজের সামনে সড়কের পাশে এ বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়।
জেলা কমান্ড্যান্ট মো. আল-আমিন হোসেনের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় কৃষ্ণচূড়া, কাঠবাদাম, জলপাই, আম, নিম, মেহগনি ও তালসহ বিভিন্ন প্রজাতির মোট ১২০টি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকাসহ সদর উপজেলার সকল ভাতাভুক্ত সদস্য এবং সঞ্জীবন প্লাটুনের সদস্যরা উপস্থিত ছিলেন।