মেহেরপুর নিউজ:
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আগত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে মেহেরপুরের পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের শুভেচ্ছা জানানো হয়। পরে প্রশিক্ষণার্থীদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় মেহেরপুর জেলা ও জেলা পুলিশের ওপর একটি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। প্রেজেন্টেশনের মাধ্যমে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, জনবল কাঠামো, দায়িত্ব বণ্টন, আধুনিক কার্যক্রম ও অর্জিত সাফল্যের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা মাঠপর্যায়ের বাস্তব পুলিশিং কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন।