মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত আন্তঃক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে সিঙ্গাপুর একাদশ।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলায় সিঙ্গাপুর একাদশ ১-০ গোলে হঠাৎ আতঙ্ক একাদশকে পরাজিত করে। দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটে হামিমের করা একমাত্র গোলে জয় নিশ্চিত করে সিঙ্গাপুর একাদশ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ডি-বক্সের মধ্যে হঠাৎ আতঙ্ক একাদশের গোলরক্ষক তানভীরের কাছে বল আসে। তবে বলটি হাতে না ধরে প্রতিপক্ষের খেলোয়াড় হামিমকে কাটিয়ে ওঠার চেষ্টা করেন তিনি। এ সময় গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে হামিম বলের দখল নেন এবং আলতো টোকায় বল জালে পাঠান। তাঁর এই গোলেই উল্লাসে মেতে ওঠেন সিঙ্গাপুর একাদশের খেলোয়াড় ও সমর্থকেরা।
এ জয়ের ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর একাদশ। খেলায় বিজয়ী দলের হামিম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে মতিউর রহমান ও আব্দুল মালেক উপস্থিত থেকে হামিমের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।