মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সালাম ও আলাউদ্দিন নামের দুই ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক আব্দুস সালাম সদর উপজেলার বসন্তপুর গ্রামের আবুল কালামের ছেলে। অপর আটক আলাউদ্দিন যশোরের ঝিকরগাছা উপজেলার মিশ্রিদেয়াড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ড পশ্চিমপাড়ার আব্দুর রহিমের ছেলে। তিনি মেহেরপুর আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে রংমিস্ত্রি হিসেবে কর্মরত।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) রহমত আলীর নেতৃত্বে অধিদপ্তরের একটি দল বসন্তপুর গ্রামের আব্দুস সালামের বাড়িতে অভিযান চালায়। এ সময় আব্দুস সালাম ও আলাউদ্দিনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির খাটের নিচ থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।