মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল করিমকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাঁর মরদেহে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেব মরহুমের মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুজিবনগর থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। প্রায় চার মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।