মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেছেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শুধু লেখাপড়া করলেই চলবে না, পাশাপাশি খেলাধুলায়ও মনোনিবেশ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে থাকা প্রতিভার বিকাশ ঘটাতে হবে। সারা পৃথিবীতে তাদের জন্য রয়েছে অসংখ্য সম্ভাবনা।
তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশের সেবা করতে হবে এবং সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের সঙ্গে মাদকাসক্তি, অনলাইন জুয়া, আত্মহত্যা ও ট্রাফিক সচেতনতা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী আরও বলেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া কঠিন। স্বপ্ন দেখতে হলে জেগে স্বপ্ন দেখতে হবে। শিক্ষার্থীদের এমন স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্ন তাদের একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে।