মেহেরপুর নিউজ:
জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার আহ্বান জানিয়ে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ই-সিগারেট, ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করার পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মেহেরপুর পৌরসভার কালাচাঁদ সভাকক্ষে ‘ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন, শিশু ও তরুণদের রক্ষা করুন’ এবং ‘স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ তামাকবিরোধী জোট।
সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মইন-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারিকুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের ওপর বহুমাত্রিক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ এবং বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। এ ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা গেলে শিশু-কিশোর ও তরুণদের জন্য তামাক ও নিকোটিনমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মইন-উল-আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির সমন্বয়কারী ফোজিয়া সুলতানা।
আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুরের উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম, বাংলাদেশ তামাকবিরোধী জোটের প্রতিনিধি মোঃ রফিকুল আলম এবং আমঝুপি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ মেরিনা খাতুন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় ই-সিগারেট, ভ্যাপ ও নিকোটিন পাউচের ব্যবহার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।