মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগস্ট:
মেহেরপুর-গাংনী সড়কের গাড়াডোব বাজারে জামায়াত-পুলিশ সংঘর্ষে আহত হয়েছে ৪০ জনের মতন। আহতদের মধ্যে রয়েছে,গাংনী থানার ওসি মাসুদুল আলম, উপপরিদর্শক ফারুক হোসেন,সহকারী উপপরিদর্শক মাজেদুল ইসলাম,স্বপন কুমার,উপপরিদর্শক মনির হোসেনসহ ১০ পুলিশ এবং জামায়াত শিবিরের ৩০ জন নেতাকর্মী। এ ঘটনায় পুলিশ বিক্ষোভস্থল থেকে জামায়াতকর্মী যুগিন্দা গ্রামের ওমর আলীর ছেলে হাসানুজ্জামান সুজন ও একই গ্রামের শিবির কর্মী নুর ইসলামের ছেলে আরিফ(২২) কে আটক করেছে পুলিশ। এদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৪৭ রাউন্ড গুলি এবং ১৩ টি টিয়ারসেল নিক্ষেপ করে।
গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান,পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে। সড়ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সড়কে যান চলাচল শুরু হয়েছে। আহত পুলিশদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জামায়াতের নেতারা অভিযোগ করেছেন,জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ গুলি চালিয়েছে। পুলিশের গুলিতে জামায়াত শিবিরের ৪০ জন নেতাকর্মী আহত হয়েছে।
পুলিশ,জামায়াত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ মঙ্গলবার সকাল ৬ টা থেকে জামায়াত-শিবিরের একটি গ্রুপ হরতালের পক্ষে পিকেটিং করতে গাংনী উপজেলার গাড়াডোব বাজারে অবস্থান নেয়। তারা গাড়াডোব-গাংনী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌছিয়ে অবরোধ মুক্ত করতে গেলে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এসময় পুলিশ মিছিলকে ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। আধাঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হয়।
বর্তমানে জামায়াত শিবিরের নেতাকর্মীরা রাস্তা ছেড়ে দিলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রতিটি এলাকায় র্যাব ও পুলিশের টহল বাড়ানো হয়েছে।