মেহেরপুর নিউজ, ১৪ মার্চ:
দেশের প্রথম জেলা হিসেবে মেহেরপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে ঘোষনা করার শপথ করলেন মেহেরপুরবাসী।
বুধবার বিকালে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী সমাবেশে এ শপথ নেন তারা। এতে শপথ বাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ।
জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, দেশের ৭০ লক্ষ মানুষ মাদকে আক্রান্ত। যা দেশের জনসংখ্যার শতকরা সোয়া চার ভাগ। তিনি বলেন, আমরা তন্দ্রাভাবে ছিলাম, তখন আমার সোনার ছেলেরা, আমাদের তরুণ সমাজ, আমাদের যুব শক্তি মাদকের ভয়াল থাবায় ক্ষত বিক্ষত হয়ে পড়েছে। বাংলাদেশ প্রথম রাজধানী মেহেরপুর থেকেই মাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে চাই। এ কারণে দেশের অন্যান্য জেলা মেহেরপুরের থেকেও মাদকপ্রবণ থাকা সত্তেও মেহেরপুর থেকেই প্রথম এ যুদ্ধ শুরু করতে চাই । এই যুদ্ধ জয় করতে হলে আপনাদের সকলের সহযোগীতা লাগবে। তাই আসুন আজ আমরা মাদক মুক্ত জেলা গড়ার লক্ষ্যে শপথ গ্রহণ করি। এসময় তিনি সমাবেশে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বশির আহমেদ, কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি হাসিবুর রহমান শিবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান। সমাবেশের শুরুতে নেপালে বিমান বিধ্বস্তের নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌছালে মেহেরপুরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান করে।