মেহেরপুর নিউজ :
সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মেহেরপুর শহরের বড়বাজার তহবাজারের কাঁচাবাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
রবিবার বিকেলে তহবাজারে ব্যবসায়ীদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে গত শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যবসায়ীরা রবিবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় সোমবার সকাল থেকে কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন, সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় খাজনা আদায়ের হার নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু ইজারাদাররা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত খাজনা আদায় করছেন।
তিনি বলেন, “নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ না হওয়ায় আমরা বাধ্য হয়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছি।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত খাজনা আদায়ের কারণে তারা দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে পড়ছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কার্যকর সমাধান না হওয়ায় আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং তহবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাল হোসেন।
এ সময় তহবাজার ব্যবসায়ী সমিতির নির্বাহী কমিটির সদস্যসহ তহবাজারের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীদের ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত মেহেরপুর বড়বাজার তহবাজারের কাঁচাবাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এতে শহরের কাঁচাবাজারে সরবরাহ ও সাধারণ ক্রেতাদের কেনাকাটায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।