মেহেরপুর নিউজ:
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধ এবং পরিবেশ দূষণ রোধে আধুনিক ব্লক ইট ব্যবহারের বিষয়ে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মুজিবনগর উপজেলার ইটভাটা মালিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী।
আলোচনা সভায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে ঐতিহ্যগতভাবে কাঠ দিয়ে ইট পোড়ানোর পরিবর্তে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ইট উৎপাদন এবং আধুনিক ব্লক ইট তৈরির উদ্যোগ নেওয়ার জন্য ইটভাটা মালিকদের নির্দেশনা দেওয়া হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান এবং মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মশিউর রহমান।