মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার ইটভাটা মালিকদের নিয়ে অবৈধ ইটভাটা বন্ধ ও আধুনিক ব্লক ইট ব্যবহার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে জেলা পরিবেশ অধিদপ্তর। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী।
আলোচনা সভায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে প্রচলিত পদ্ধতিতে কাঠ দিয়ে ইট পোড়ানোর পরিবর্তে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার এবং আধুনিক ব্লক ইট উৎপাদনের উদ্যোগ নেওয়ার জন্য ইটভাটা মালিকদের নির্দেশনা দেওয়া হয়।
সভায় মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, হিসাবরক্ষক মধুসুধন বিশ্বাস, মোফিজুল ইসলাম, আব্দুল খালেক চঞ্চল, মোস্তাক আহমেদ, ইকবাল হোসেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।