মেহেরপুর নিউজ:
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের ছাত্রী রুবাইয়া তাসনিম গত বছর অনুষ্ঠিত এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে রুবাইয়া তাসনিমের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এ সময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশনারা খাতুন উপস্থিত থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত সম্মাননা স্মারক ও সনদপত্র তার হাতে তুলে দেন।
অনুষ্ঠানে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রেজাউল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেসুর রহমান, সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক হাসানু জামান, আব্দুল ওহাব, কামরুজ্জামান ও মফিজুর রহমানসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রুবাইয়া তাসনিমের এই সাফল্যে শিক্ষকরা তাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শুভকামনা জানান।