মেহেরপুর নিউজ:
প্রতিপক্ষের করা সর্বনিম্ন স্কোর ৪৩ রান যদি দুই ওভারে অর্থাৎ ১২ বলে অতিক্রম করতে পারে তবে ইমরুল কায়েসের দলকে দুই হাজার টাকা পুরস্কৃত করা হবে। কমিটির এক সদস্য এমন ঘোষণা দেওয়ার পর জাতীয় দলের সাবেক ওপেনার ও বর্তমান মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ইমরুল কায়েস ফয়সালকে নিয়ে ৪৪ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে প্রবেশ করলেন।
প্রথম ওভারে অর্থাৎ ৬ বলে ২৩ রান করার পর মাঠের দর্শকরা নড়েচড়ে বসতে শুরু করেছে। তবে কি ১২ বলেই ৪৪ রান সংগ্রহ করবে। ঠিক করেছেনও তাই। প্রথম ওভারে ফয়সাল ২২ এবং দ্বিতীয় ওভারে ইমরুল কায়ের ২৫ রান করলেন। আর সহজ জয়ে চতুর্থ দল হিসাবে এম জি এইচ এস ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা নিশ্চিত করল ২০০২ এসএসসি ব্যাচ।
স্টাসিস গ্রুপ ও কেয়া ষ্টোরের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে সোমবার বিকালে অনুষ্ঠিত খেলায় ২০০২ এর ব্যাচ ১০ উইকেটের বড় ব্যবধানে ১৯৯৭ কে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯৯৭ ব্যাচ ৮ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে তুহিন ১২ করে রান করেন । ২০০২ এর জিকো ২ ওভার বল করে ৪ টি উইকেট দখল করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধ্বস নামান। সহজ জয়ের লক্ষে খেলতে নেমে উদ্বোধনী দুটি ইমরুল কায়েস ও ফয়সাল দুই ওভারে প্রয়োজনীয় রান তুলে নেন। আগের দিন ২৭ বলে ৮৮ রান করা ইমরুল কায়েস ছয় বলে ২৫ এবং ফয়সাল ৬ বলে ২২ রান করেন।