মেহেরপুর নিউজঃ
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগর থানার উদ্যোগে ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর মুজিবনগর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাগোয়ান ইউনিয়ন। ফলে তারা জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকেলে বাগোয়ান মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাগোয়ান ইউনিয়ন ৪৪-১৪ পয়েন্টে মোনাখালী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের আমির খানজাহান আলী, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মানজারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমুখ।