মেহেরপুর নিউজঃ
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর সদর উপজেলা একাদশ। এর মধ্য দিয়ে দলটি খুলনা বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
রোববার বিকেলে মেহেরপুর পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেহেরপুর সদর উপজেলা একাদশ ৩টি লোনা সহ ৩৬-২৭ পয়েন্টে মেহেরপুর পৌর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়াই করে। তবে ম্যাচের শেষ দিকে সদর উপজেলার আমিনুলের একটি সুপার ট্যাকেল ও একটি লোনা দলের জয়ের ব্যবধান গড়ে দেয়।
খেলায় মেহেরপুর সদর উপজেলা একাদশের আমিনুলকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।
ফাইনাল খেলাটি পরিচালনা করেন ফারহা হোসেন লিটন ও কামাল হোসেন মিন্টু।