মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল (৪৫) ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইশরাক হোসেন আবির (২৫) নামের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃত ওবায়দুর রহমান কমল বামন্দী ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে এবং ইশরাক হোসেন আবির গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের মোল্লা পাড়ার জহিরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার ভিন্ন সময়ে পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, মঙ্গলবার সকালের দিকে বামন্দী ও ভবানীপুর পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে ওবায়দুর রহমান কমলকে গ্রেপ্তার করা হয়। তার নামে চলতি বছরের একটি মামলা রয়েছে। অন্যদিকে এদিন দুপুরে উপজেলার চিৎলা খামার এলাকা থেকে স্থানীয়রা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইশরাক হোসেন আবিরকে আটক শেষে পুলিশের কাছে সোর্পদ করে। গ্রেপ্তারকৃত ২জনকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।