মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে মাথাভাঙ্গা নদীর পানিতে ডুবে সাগরী খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সাগরী জেলার গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের জামরুল ইসলামের স্ত্রী।
শুক্রবার সকালের দিকে বাড়ির পাশের মাথাভাঙ্গা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়রা জানান,শুক্রবার সকালের দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি মাথাভাঙ্গা নদীর ভবানীপুর অংশে সাগরীর মরদেহ ভাসতে দেখে। এসময় পুলিশকে খবর দিলে,স্থানীয় ক্যাম্প পুলিশের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, সাগরী তার সন্তানের কাপড়-চোপড় পরিস্কার (ধৌত) করতে বাড়ির পাশে মাথাভাঙ্গা নদীতে নেমেছিলেন। অসাবধানবশত: পা ফসকে পানির নিচে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ ভেসে ওঠে।