গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে স্ত্রী ও শ্বশুর পক্ষের লোকজনের ওপর অভিমান করে বিষপানে রায়হান আলী (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। যুবক রায়হান গাংনী উপজেলার তেরাইল গ্রামের বাগানপাড়ার মহিবুল ইসলামের ছেলে।
শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার দুপুরে তেরাইল গ্রামের একটি মাঠে বিষপান করেছিলেন রায়হান। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, রায়হান বিয়ে করেন পার্শ্ববর্তী বাদিয়াপাড়া গ্রামে। সম্প্রতি স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে স্ত্রী তার বাপের বাড়ি চলে যায়। এতে রাগে অভিমানে শুক্রবার দুপুরে তেরাইল মাঠে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন রায়হান । পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।