মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী এলাকা থেকে প্রাপ্ত পরিত্যক্ত ককটেলের তদন্তের সূত্র ধরে ‘হােসেন আলী ওরফে বোমা হোসেন (৪৩) নামের এক আলোচিত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হোসেন আলী ওরফে বোমা হোসেন জেলার গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামের মৃত ওহিল উদ্দীনের ছেলে।
শনিবার ভোরে তার নিজ বাড়ি থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাংনী থানা এলাকায় পূর্বে উদ্ধার হওয়া বিভিন্ন পরিত্যক্ত ককটেল সদৃশ বস্তুর তদন্ত চলাকালে পুলিশ বোমা হোসেনের সম্পৃক্ততা ও অবস্থান চিহ্নিত করে।
পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাতের দিকে তার নিজ ঘরে অভিযান চালানো হয়। সেখানে আসামির দেখানো মতে দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত বোমা হোসেনের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৭টি মামলায় জিআর ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) বিচারাধীন রয়েছে। এ বিষয়ে গাংনী থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।