সাহাজুল সাজু :
মশার কয়েলের আগুনে ঘর পুড়ে যাওয়া মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা বিধবা রংফুল বেগম ও তার প্রতিবন্ধী সন্তান পেলেন হুইল চেয়ার, আর্থিক সহযোগিতা,বস্ত্র ও খাদ্য সামগ্রী।
বুধবার বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত পরিবারের খােঁজখবর নেওয়া শেষে তাদের এ সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মুক্তিযােদ্ধা কমান্ডের কমান্ডার শামসুল আলম সােনা,ষােলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,গত সােমবার দিবাগত রাতে আমতৈল গ্রামের বিধবা নারী রংফুল বেগম তার একমাত্র প্রতিবন্ধী পুত্র সন্তান রাসেল আহমেদকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যেরাতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন ধীরে-ধীরে পুরাে ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তাপে জেগে ওঠেন রংফুল। এসময় চিৎকার দিলে,প্রতিবেশীরা রংফুল ও তার প্রতিবন্ধী সন্তানকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
এ খবর মেহেরপুর নিউজ ডটকম পত্রিকায় প্রকাশের পর মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রাণী রায় ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের নজরে আসে। পরে জেলা প্রশাসকের পরামর্শক্রমে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান বিষয়টি পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহযােগিতার হাত বাড়ান।