মেহেরপুর নিউজঃ
মাটির স্বাস্থ্য রক্ষা ও টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে জৈব ও রাসায়নিক সারের সুষম ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ঈদগাহ ময়দানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নৌরীন ইসলাম এবং গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
সভায় রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। একই সঙ্গে মাটির উর্বরতা দীর্ঘমেয়াদে ধরে রাখতে জৈব সারের ব্যবহার বাড়ানোর আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত কৃষকরা তাঁদের কৃষি অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অতিথিরা কৃষকদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।