মেহেরপুর নিউজঃ
সংরক্ষিত নারী আসন-৩৩-এর সংসদ সদস্য ও মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত শওকত আরা আক্তার তিন দিনের সফরে মেহেরপুরে এসেছেন। শনিবার দুপুরের দিকে তিনি মেহেরপুর সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মি নামে পরিচিত এই রাজনীতিক ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৩৩-এর সংসদ সদস্য। বিএনপি তাঁকে এই আসনে মনোনয়ন দেয়। সংসদে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
শওকত আরা আক্তারের জন্ম ১৯৭৭ সালের ১ এপ্রিল। তাঁর পিতা আব্দুল হামিদ সরদার এবং মাতা মল্লিকা বেগম। তিনি শরীয়তপুরের গোসাইরহাটের পুত্রবধূ। পেশায় তিনি একজন আইনজীবী।
ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের একাধিকবার যুগ্ম আহ্বায়ক ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে তিনি টুকু-আলীম কমিটিতে সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক, হাবীব-জুয়েল কমিটিতে সহ-সাধারণ সম্পাদক এবং রাজীব-আকরাম কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৬ সালের ২০ এপ্রিল বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের নাম ঘোষণা করে। তাঁদের মধ্যে ছিলেন শওকত আরা আক্তার। সংসদ সদস্যদের ভোটে নির্ধারিত এই আসনে তিনি একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে ৩০ এপ্রিল নির্বাচন কমিশন তাঁর নির্বাচনের গেজেট প্রকাশ করে।
মনোনয়ন পাওয়ার পর শওকত আরা আক্তার দেশের মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।