মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও বিসিআইসি পরিচালক (অর্থ) কামরুজ্জামান।
সভায় বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ, মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইমদাদুল হাসান, মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, মুজিবনগর বিজিবির কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম, জেলা বিএনপি নেতা আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি ও রেজাউল করিম এবং সার ব্যবসায়ী শওকত হোসেন, সোহরাব হোসেন ও কেনেডি।
প্রধান অতিথির বক্তব্যে বিসিআইসি পরিচালক (অর্থ) কামরুজ্জামান বলেন, মাটির গুণাগুণ ঠিক রেখে কৃষিজমিতে সার প্রয়োগ করতে হবে। দেশে সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি অনর্থক কৃষিজমিতে অতিরিক্ত সার প্রয়োগ না করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, মেহেরপুর একটি কৃষিসমৃদ্ধ জেলা। এ জেলায় তিন থেকে চার ফসলি জমি রয়েছে। ফলে কৃষি ও ফসল উৎপাদনে মেহেরপুরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সারের অতিরিক্ত মূল্য নেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রবিশেষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কুফল সম্পর্কে কৃষকদের যথাযথভাবে সতর্ক করা হচ্ছে কি না, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমরা শুধু বলার জন্য বলি না, সত্যিকার অর্থে কাজ করার জন্য বলি।
তিনি জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বিসিআইসির জিএম (বাণিজ্যিক) কে. মাসুদুল আলম, জিএম (প্রকল্প পরিচালক) মো. মনজুরুল হক, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।