মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে বিএসএফের হাতে এক বাংলাদেশি কৃষক আটক হওয়ার ৩০ মিনিটের মধ্যেই দুই ভারতীয় কৃষককে আটক করেছে স্থানীয়রা। পরে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে আটক তিন কৃষককে নিজ নিজ দেশের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ইছাখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামের মৃত নুর বকসের ছেলে আব্দুল মান্নান নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতের নবচন্দ্র ক্যাম্পের কয়েকজন বিএসএফ সদস্য এসে তাকে ধরে নিয়ে যায়।
বিষয়টি জানাজানি হওয়ার পর ইছাখালী গ্রামের লোকজন ঐক্যবদ্ধ হয়ে ভারতের টালিপাড়া সীমান্ত এলাকা থেকে শচীন দাস ও নরতন নামে দুই ভারতীয় কৃষককে আটক করে। তাদের বাড়ি ভারতের নদীয়া জেলার লালবাজার এলাকায় বলে জানা গেছে।
এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুপুরের দিকে ইছাখালী সীমান্তের ১২৩ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশ ও ভারতের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ইছাখালী সীমান্তের কোম্পানি কমান্ডার সুবেদার হানিফ এবং ভারতের পক্ষে ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্র ক্যাম্পের ইন্সপেক্টর রাজিব নেতৃত্ব দেন।
পতাকা বৈঠক শেষে উভয় দেশের আটক তিন নাগরিককে নিজ নিজ দেশের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।