মেহেরপুর নিউজ:
রাস্তার পাশে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মেহেরপুর সদর উপজেলার বারাদিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ময়লার ভাগাড় নয়, পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তা চাই’—এই দাবিতে সোমবার সকাল ১০টায় মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা।
মানববন্ধনে মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রায় ২০০ ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, বারাদি বাজার কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বলেন, মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের দুই পাশে এবং গাছের গোড়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে সড়কের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গন্ধ ও বায়ুদূষণ সৃষ্টি হচ্ছে। ময়লা-আবর্জনার কারণে সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার রোপণকৃত গাছপালাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে এই নোংরা পরিবেশের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে মমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এভাবে ময়লা-আবর্জনা ফেলা অত্যন্ত দুঃখজনক। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
বিশেষ অতিথি বারাদি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজুস সালেকিন বলেন, সড়কের পাশে ময়লা ফেলার প্রবণতা বন্ধ করতে হলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
মানববন্ধন থেকে বক্তারা মেহেরপুর প্রশাসনের কাছে দ্রুত রাস্তার দুই পাশ ও গাছের গোড়া থেকে ময়লা-আবর্জনা অপসারণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি জানান।
মানববন্ধনের সমাপনী বক্তব্য দেন মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শাহাদত হোসেন। তিনি জনস্বার্থে দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।