মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগরে ট্রাকচাপায় নাবিল হোসেন নামে এক শিশুর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই উপজেলার মহাজনপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় জান্নাতি খাতুন নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যায় মহাজনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতি মহাজনপুর গ্রামের শিল্টনের মেয়ে এবং মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় জান্নাতি বাড়ি থেকে বের হয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর আগে রবিবার দুপুরে মুজিবনগর উপজেলার মানিকনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাবিল হোসেন (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়। সে মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে এবং মানিকনগর ডি.এইচ. আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।